রাজবাড়ীর গোয়ালন্দে লোটাস কলেজিয়েট ফেস্ট-২ উপলক্ষে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ৭ম শ্রেণি টাইব্রেকারে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় লোটাস কলেজিয়েট স্কুলের আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।
লোটাস কলেজিয়েট স্কুল মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও পরিচালক মামুনুর রশিদ, পরিচালক বিমল কুমার, খালেদা আক্তার শিপু, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক সমির কান্তি মল্লিকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৭ম শ্রেণি ২-০ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা নৈপুণ্যে প্রদর্শন করে ম্যাচ সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ৭ম শ্রেণির দলীয় অধিনায়ক শাহাদাৎ হোসেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ৯ম শ্রেণীর খেলোয়াড় মোঃ মারুফ ও শ্রেষ্ঠ গোল কিপারের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের জুবায়ের।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারী রেফারী ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ এরশাদ মন্ডল।
ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে উপস্থিত অতিথিরা মেডেল ও ট্রফি তুলে দেন।