ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।
পুলিশ ও স্থানীয় জানায়, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের করবেন রেলওয়ে পুলিশ।