রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রী সেজে অটো (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের
পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা অটো চালক (ইজিবাইক) সামচু শেখকে (৩৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সামচু শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া গ্রামের আব্দুর রহমান শেখ এর ছেলে।
পরিবার ও থানা সূত্র জানায়, প্রতিদিনের মতো তিনি তার অটো নিয়ে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাত্রী আনা নেওয়া করে। শুক্রবার দুপুরে রাজবাড়ী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিকাল অনুমানিক সাড়ে ৩ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আসে এবং যাত্রী নামিয়ে তিনি সেখানে অপেক্ষা করে। বিকাল সাড়ে ৪টার দিকে তার অটো (ইজিবাইক) তে বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী ছিলো। গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে সামনে পদ্মার মোড় নামক স্থানে যাওয়ার পর তাহা জ্ঞান হারিয়ে ফেলে সড়কে পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু ততক্ষণে অজ্ঞাত দুর্বত্তরা অটো (ইজিবাইক) ও একটি টাচ মোবাইল ফোন নিয়ে পালিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা চিকিৎসক জানান, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে তাকে অচেতন করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।