রাজবাড়ীতে সড়কে পৃথক তিনটি দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ও দুপুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন। নিহত চালকের নাম নজরুল ইসলাম (২৮)। তিনি বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।
এদিকে, দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
অন্যদিকে, দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ৮জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপাররা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে দ্রুত পৌছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত গতি ও বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় এই দূঘটনা ঘটেছে।’ তবে এই সড়কে চালকরা বেপরোয়া ভাবে গাড়িন চালান।