পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা আমাদের দক্ষ জনগোষ্ঠি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া দিয়ে বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করবো।
শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন শেষে
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেন।
তিনি বলেন, দেশে সংস্কৃতি বলে কিছু রেখে যায়নি, এছাড়াও ক্রীড়াকে ধ্বংস করে দিয়ে গেছে পতিত সরকার। আমাদের জাতি গঠনে পিছিয়ে দিয়ে গেছে সেই পতিত সরকার। জাতি গঠনের সবচেয়ে বড় প্রয়োজনীয় উদ্যোগ হচ্ছে শিশু, কিশোর ও যুবকদের মধ্যে, সংস্কৃতি, ক্রিড়া সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা। তারই অংশে আমরা সুনাগরিক হিসেবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী, সংস্কৃতিক সামগ্রী বিতরণ করেছি। এটার মূল লক্ষ্য হচ্ছে আগামী জানুয়ারি মাসে যখন শিক্ষা কার্যক্রম শুরু হবে তখন অভিভাবকদের সাথে আলোচনা করে প্রতিটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে তিনটি ক্যালেন্ডার দিবে। সেটা হলো বার্ষিক শিক্ষা কর্মসূচি, বার্ষিক সংস্কৃতি কর্মসূচি, বার্ষিক ক্রিয়া কর্মসূচি যাতে করে আমরা আমাদের গৌরবের পথে যেতে পারি।
তিনি আরও বলেন, আমরা অন্য দেশের উত্তেজনায় খুশি হই। আমরাও বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতি ও শিক্ষা তথা দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে নিজের অবস্থানকে নিশ্চিত করবো।
আরও বলেন, অর্থনৈতিকভাবে যেভাবে পতিত সরকার আমাদের পঙ্গু করে দিয়ে গেছে, মানুষের আয় কমিয়ে দিয়ে মূল্যস্ফিতির কষাঘাতে মানুষকে জর্জরিত করে পালিয়ে গেছে পতিত সরকার। এগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে একটু সময় লাগবে।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,
রাজবাড়ীর গোয়ালন্দে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার অপরিসীম। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, “পদ্মা ব্যারেজ আমরা করব। কিন্তু পদ্মা সেতুও আমাদের দরকার। এটি বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
গোয়ালন্দের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গোয়ালন্দের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, বাণিজ্যসহ সব খাতে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ- সবাইকে সম্পৃক্ত করা হবে।’
তিনি বলেন, দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। অর্থের সংস্থান, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন—সবকিছুতেই সময় লাগে। তবে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আশা করছি, চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম সেবা,
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক, মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি'র সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
পরে ২০২৫-২৬ এডিপির বিশেষ অর্থায়নে গোয়ালন্দ উপজেলার আজ ৬ টি সহ মোট ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।