স্পেনের বিপক্ষে ফুটবল বিশ্বকাপের মহারণে মাঠে নামার ঠিক আগমুহূর্তে এক আবেগঘন বার্তায় পুরো আর্জেন্টাইন শিবির ও বিশ্বজুড়ে কোটি ভক্তকে ভাসালেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠ এবং মাঠের বাইরের অবিসংবাদিত এই নেতা মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে সতীর্থ ও দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেসি লেখেন, "এই দীর্ঘ পথচলার সবচেয়ে সুন্দর অনুভূতিটি শুধু শিরোপা জেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো যাত্রাটাই ছিল অসাধারণ।"
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনের গল্প তুলে ধরে মেসি বলেন, দলের সবার সাথে প্রতিটি দিন কাজ করা, একসঙ্গে বুক চিতিয়ে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে একে অপরকে টেনে তোলা এবং প্রতিটি কদম উপভোগ করাই ছিল আসল আনন্দ।
এ সময় তিনি পর্দার আড়ালে অবদান রাখা দলের কোচিং স্টাফ এবং প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলটিকে একটি পরিবারে রূপান্তর করার পেছনে সবারই অক্লান্ত পরিশ্রম রয়েছে।
বার্তার শেষাংশে স্পেনের বিপক্ষে ফাইনালের ফল যাই হোক না কেন, নিজেদের অর্জনকে কালজয়ী হিসেবে উল্লেখ করেন আর্জেন্টিনার এই ম্যাজিশিয়ান।
তিনি জোর দিয়ে বলেন, "ফাইনালে যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কেউ তা মুছে ফেলতেও পারবে না।"