গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসে ফের ৪ মাস পর চুরির ঘটনা ঘটেছে। গেট ও দরজার তালা ভেঙে অফিসের কম্পিউটার নিয়ে গেছে দূর্বৃত্তরা। তবে কম্পিউটার ছাড়া অন্য কোন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনছার আলি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিস বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের যে কোন সময় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে অফিসের সামনের প্রধান ফটকের বড় গেট ও কেচি গেট, দরজার তালা সহ মোট ৬টি তালা ভেঙে দুর্বত্তরা ঘরে প্রবেশ করে কম্পিউটার টি নিয়ে যায়। ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনছার আলি জানান, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে তারা বাড়ি চলে যান। ৮ আগষ্ট শনিবার সরকারি কাজের প্রয়োজনে আনুমানিক দুপুর ১ টার দিকে অফিসে এসে দেখি প্রধান গেটের দুটি তালা, অফিস রুমের দরজার তালা এবং রেকর্ড রুমের অত্যন্ত সুরক্ষিত তালাসহ মোট ৬টি তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরচক্র অফিসের walton কোম্পানীর অল ইন ওয়ান পিসি (কম্পিউটার) টি চুরি করে নিয়ে গেছে এবং সিসি টিভির ৩টি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং ১টি ক্যামেরা খুলে ফেলেছে এবং সিসি টিভির ডিভিআর এর সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে এছাড়া অফিসের অন্য কোন কিছু ক্ষতিগ্রস্থ হয়নি বলে প্রাথমিক অবস্থায় জানান তিনি।গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত হুমায়ুন রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ তদন্ত করতে ডিভিআর মেশিন থানায় দেয়া হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ভূমি অফিসে এমন ঘটনার স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিত কোনো তৎপরতা কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর প্রত্যাশা।উল্লেখ্য, চলতি বছরে গত ১৩ এপ্রিল উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১৫টি তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।