রাজধানী টাইমস

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট।হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কি না- পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এ ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি মতামত প্রকাশ করে থাকেন।বিদেশে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা