ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস২৪

দেশের রাজনীতিতে বইছে বিষাক্ত বাতাস: জামায়াত নেতা দেলাওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন বলেছেন, দেশের রাজনীতিতে এখন 'বিষাক্ত বাতাস' বইছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ সমাজের পাশাপাশি রাজনৈতিক পরিবেশকেও কলুষিত করছে। এসব অপরাধের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততা রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি।শনিবার (২৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেলাওয়ার হোসেন বলেন, "যেভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে দূষিত করছে এবং বৃক্ষের অভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি দেশের রাজনীতিতেও একটি বিষাক্ত আবহ বিরাজ করছে। এই দূষিত রাজনৈতিক পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হলে সুস্থ, নৈতিক ও জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই।"তিনি বলেন, "আজ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ নানা অপরাধ প্রতিনিয়ত সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। ফলে রাজনীতি কলুষিত হচ্ছে এবং মানুষের আস্থা কমে যাচ্ছে।"তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি রাজনৈতিক পরিবেশও দূষণমুক্ত করতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও কল্যাণকর বাংলাদেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে দেলাওয়ার হোসেন বলেন, "পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।"'পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ, দলীয় নেতাকর্মী, অঙ্গসংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি প্রায় ২০০টি গাছের চারা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

দেশের রাজনীতিতে বইছে বিষাক্ত বাতাস: জামায়াত নেতা দেলাওয়ার