ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

গোয়ালন্দে মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা গ্রহনের অভিযোগ: ওসির ড্রাইভারকে গাজীপুরে বদলি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়িচালক কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের আখড়া হিসেবে পরিচিত উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ গ্রহনের অভিযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। গঠিত হয় বিভাগীয় তদন্ত কমিটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুরাভিটা এলাকার মাদক কারবারি রিনা বেগমের কাছ থেকে কনস্টেবল মামুন শিকদার টাকা নিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এদিকে রোববার (২৮ জুন) পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা এক আদেশে দেখা যায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে বদলি করা হয়।ওই আদেশে রাজবাড়ী জেলায় কর্মরত কনস্টেবল মামুন শিকদারকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।রেঞ্জ আদেশে বলা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের আগামী ২৯ জুন ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ৩০ জুন ২০২৬ থেকে তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (Stand Release) হিসেবে গণ্য হবেন।আদেশে ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক স্বাক্ষর করেন।এ বিষয়ে অভিযুক্ত ড্রাইভার মামুন শিকদার দাবি করে বলেন,  আমাকে জড়িয়ে যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা সত্য নয়, বানানো। আমার কোন দোষ নাই। আমি অনেক আগেই গোয়ালন্দ ঘাট থানা হতে বদলির জন্য আবেদন করেছিলাম। সে অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটা কয়েক মাস আগের। ওটা সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। মামুন এখান থেকে নিজেই বদলির জন্য আবেদন করেছিল। আদেশের পর ইতিমধ্যে সে বাদলিকৃত কর্মস্থল গাজীপুরে যোগদান করেছে।

গোয়ালন্দে মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা গ্রহনের অভিযোগ: ওসির ড্রাইভারকে গাজীপুরে বদলি