দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে অসুস্থ হয়ে পড়েছে ১ হাজার ১০১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২১ শিশু। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি; মারা যাওয়া ৬ শিশুই উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হিসাব বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে। এর মধ্যে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯০৮ শিশুর। এর মধ্যে ৮০৯ শিশু মারা গেছে উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
হাসপাতালগুলোতেও রোগীদের চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৩ শিশু, বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫০ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বিপুল সংখ্যক রোগী চিকিৎসা শেষে সুস্থ হলেও প্রতিদিন নতুন আক্রান্ত ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনো বেশ উদ্বেগজনক। শিশুদের সুরক্ষায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় টিকাদান ও চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে।