আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক ফয়সাল কবির। নিজ অর্থায়নে বছরের পর বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই তরুণ সমাজসেবক।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন তিনি।
স্থানীয়দের মতে, প্রচারণার চেয়ে কাজে বিশ্বাসী এই তরুণ সমাজসেবক তাঁর মানবিক ও উন্নয়নমুখী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ভাবিচা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে একটি শক্ত ও ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজসেবক ফয়সাল কবির বলেন, মানুষের কল্যাণ করাই আমার জীবনের ব্রত। আমি জনপ্রতিনিধি হই বা না হই, সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম এবং থাকব। তবে ভাবিচা ইউনিয়নবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে সরকারি বরাদ্দের ওপর শুধু নির্ভর না করে আমার ব্যক্তিগত সামর্থ্য উজার করে এই ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করব।
তিনি আরও বলেন, ভাবিচা ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করব। কৃষি উন্নয়ন, নারী উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সেবা উন্নয়নকরণ, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। মাদকমুক্ত যুব সমাজ গঠনের মধ্যে দিয়ে ভাবিচা ইউনিয়নকে একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলব।