চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার কপার ও গাড়ি
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরিকৃত ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবননগর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল মালেক (৪৫), বগুড়ার কাহালু উপজেলার টুলু (৪৪), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার শিপলু (২৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের স্বপন উদ্দিন (৩৭), সবুজ শেখ (৩৭) এবং জাফর আহমেদ (৩৪)।সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৪ জুলাই সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঠে আবু জাফর বিশ্বাস ও আনারুল ইসলাম নামের দুই সেচ ব্যবসায়ীর চারটি ট্রান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান তামার কয়েল ও তেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আবু জাফরের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।পরবর্তীকালে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এই চোর চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে চুরিকৃত তামার কয়েল, কপার, চুরির সরঞ্জাম এবং মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।ওসি সোলায়মান শেখ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজের ট্রান্সফরমার চুরি করে ভেতরের তামা ও মূল্যবান যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।