গোয়ালন্দে গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুর ও হুমকির অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোয়ালন্দঘাট থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম উজানচর ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বর পাড়া গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে মো. রাজিব শেখ (৩৩)।অভিযুক্তরা হলেন—রমজান মাতুব্বর পাড়ার মৃত মোজা মোল্লার ছেলে সরোয়ার মোল্লা ওরফে সরো মোল্লা (৫৫), তার ছেলে নাসিম মোল্লা (২৮) এবং মৃত আসগর আলী সরদারের ছেলে আলম সরদার (৫৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগে রাজিব শেখ উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।অভিযোগ পত্রে বলা হয়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে রাজিব শেখের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির চারটি ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকে দেওয়া হয়। পরে ঘরগুলোর টিনের বেড়া কেটে ও কুপিয়ে ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন রাজিব শেখ।তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা উচ্চস্বরে হুমকি দিয়ে বলেন, সরোয়ার মোল্লা ও নাসিম মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নিলে পরবর্তীতে বাড়িতে এসে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আলম সরদারের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার জন্যও ভয়ভীতি প্রদর্শন করা হয়।অভিযোগে আরও বলা হয়, পরে আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। ঘরের দরজা বাইরে থেকে আটকে থাকায় হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান রাজিব শেখ। তবে তার ধারণা, অভিযুক্তদের নির্দেশেই অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা চালিয়ে থাকতে পারেন।অভিযোগের বিষয়ে সরোয়ার মোল্লা ওরফে সরো মোল্লা বলেন, “ আমার ও আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”গোয়ালন্দঘাট থানার এসআই ননী গোপাল সরকার জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।